জেলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ এএম
মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি জাকির সরদারকে (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাকির ওই এলাকার আমজাদ সরদারের ছেলে। আহত চাঁনমিয়া মাতুব্বর (৪০) একই এলাকার বাদশা মাতুব্বরের ছেলে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, আটিপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইলিয়াস হাওলাদাররের সঙ্গে একই এলাকার জাকির সরদারের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান।
তাদের ভাষ্য, ইলিয়াস বিদেশে থাকায় একই এলাকার চাঁনমিয়া মাতুব্বর আমেরিকা প্রবাসীর আত্মীয় হওয়ায় জমিজমা দেখভাল করেন। এতেই ক্ষিপ্ত হয়ে জাকির লোকজন নিয়ে শুক্রবার রাতে একা পেয়ে চাঁনমিয়ার ওপর হামলা চালায়। এ সময় কৃষষকে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা হলে শনিবার রাতে প্রধান অভিযুক্ত জাকির সরদারকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী চাঁনমিয়া মাতুব্বর বলেন, ‘জাকির দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটায় জাকির। আমি ওর এবং ওর দলের লোকজনের কঠিন বিচার চাই।’
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ জানান, কৃষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূলহোতা জাকির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিকে ধরতে চলছে অভিযান।
প্রতিনিধি/এএম