মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুরে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই সময়ে প্রবাসীর মা ও স্ত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, সদরের চাপাতলী গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম চোকিদার দীর্ঘদিন ধরে ইতালি থাকেন। বাড়িতে মা, স্ত্রী ও পরিবারের সদস্যরা বসবাস করেন। মোয়াজ্জেমের সঙ্গে প্রতিবেশী রেজাউল চোকিদারের পাশে জমি নিয়ে চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান।
আরও পড়ুন:
এরই সূত্র ধরে রেজাউল লোকজন নিয়ে ইতালি প্রবাসীর বসতঘরেও ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। বাধা দেওয়ায় মোয়াজ্জেমের মা সুফিয়া বেগম ও স্ত্রী আয়েশা আক্তারকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত রেজাউল। এদিকে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
মোয়াজ্জেমের স্ত্রী আয়েশা আক্তার বলেন, ‘রাতে রেজাউল লোকজন নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘরে কোনো পুরুষ ছিল না। ভাঙচুর ও মারধর করেছে তারা। এ ঘটনায় আমি বিচার চাই।’
মোয়াজ্জেমের মা সুফিয়া বেগম বলেন, ‘জমি নিয়ে ঝামেলার কারণে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এখন অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এর কঠিন বিচার দাবি করছি।’
অভিযুক্ত রেজাউল চোকিদার বলেন, ‘আমি আমার জায়গায় বাড়ি নির্মাণ করতে গেলে বাধা আসছে। ১৪৪ ধারা জারি হলে পুলিশ দিয়ে তারা আমাকে হয়রানি করছে। বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। এরপর আমি কি করে তাদের ঘরে হামলা বা ভাঙচুর করব? তাদের সব অভিযোগ মিথ্যা।’

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘জমি নিয়ে বিরোধে আদালতের নিষেধাজ্ঞা চলমান। ইতালি প্রবাসীর বসতঘরে হামলা ও মারধরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এসআই




