জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই এবং সদর উপজেলায় মহিষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা।
বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহদফতর সম্পাদক মো. রাকিব আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান এবং মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা করা হয়। মামলায় কুলাউড়া পৌর ও কলেজ শাখার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী একটি পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ পাঁচজনকে গ্রেফতার করে।
এসব ঘটনায় ছাত্রদল নেতাদের নাম আসা এবং গ্রেফতারের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে জেলা ছাত্রদল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।
প্রতিনিধি/এসএস