জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের অন্যতম রূপকার হিসেবে পরিচিত এই বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ, জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ, গণভোজ এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যশোরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হবে। সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। বেলা ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। বেলা সাড়ে ১২টায় জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হবে।
এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ১৪ নভেম্বর বেলা ৩টায় যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন জানান, তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় আজ উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন গ্রামে দরিদ্র মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়েছে। আগামী ৬ নভেম্বর এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
প্রতিনিধি/এসএস