জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় তাদের জামাতা মো. সবুজ মৃধা পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে এসআই মো. মঞ্জুরুল হাসান, এএসআই রাজিব হাওলাদারসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় পালানোর চেষ্টাকালে মোসা. কহিনুর (৪০) ও তার স্বামী মো. সেলিম প্যাদাকে (৫৫) আটক করা হয়।
পরে কহিনুরের শরীর তল্লাশি করে ২০০ পিস এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ঘরের রান্নাঘরে লুকানো অবস্থায় আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের জামাতা মো. সবুজ মৃধা (৩২) দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে ওই বাড়িতে রাখতেন।
পরে অটোরিকশায় বিভিন্ন এলাকায় এসব মাদক বিক্রি করতেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় সবুজ মৃধা পালিয়ে গেছেন।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত বরগুনা গড়তে পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। ’
তিনি বলেন, ‘পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ’ তিনি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি/এএম