Dhaka Mail Logo

সারাদেশ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাতে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজাসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদফতর ও বন বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১০ কেজি শাপলাপাতা মাছ ও এক হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।

এ সময় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। 

অন্যদিকে, জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে শাপলাপাতা মাছগুলো ধ্বংসের উদ্দেশ্যে মাটিতে পুঁতে ফেলা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসআই