Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) ও তার বড় ভাই ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের ব্যাপারীপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল দাপা ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে সহোদর দুই ভাই হুমায়ুন কবির ও হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হুমায়ুন কবির ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং তার বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

আরও পড়ুন

বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

একাধিক সূত্রের দাবি, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে, হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তবে এই দুই ভাই নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। প্রথম দিকে কয়েক দিন তারা বাড়ি থেকে বের হতেন না। পরে তাদের প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায়।

সূত্রগুলোর দাবি, হুমায়ুন কবির প্রতিদিন পাইলট উচ্চবিদ্যালয়ের ফটকসংলগ্ন একটি দোকানে দিনে ও রাতে দুই দফায় গড়ে সাত থেকে আট ঘণ্টা বসে থাকতেন। অন্যদিকে, হাবিবুর রহমানও প্রকাশ্যে চলাফেরা করতেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস