পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম ইমরান সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। তিনি দুমকি এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) তালতলী বাজারে গেলে খলিল জোমাদ্দারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ ৭ থেকে ৮ জন তাকে মারধর করেন এবং তার পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় খলিল জোমাদ্দার বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলায় শফিকুল ইসলাম ইমরানকে ২ নম্বর আসামি করা হয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথক ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনার সময় বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




