জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
সংসার ও সন্তানের দায়িত্ব সামলে দীর্ঘ ১৫ বছর পর আবারও পড়াশোনায় ফিরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রীতি খাতুন। অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস অধ্যবসায়ের মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন নশিরপুর গ্রামের এই গৃহিণী।
রীতির এ সাফল্যে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর এমন সাফল্যকে নিজের জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পাসের পর পারিবারিক নানা কারণে পড়াশোনায় ছেদ পড়ে রীতির। পরবর্তী সময়ে বিয়ে, সংসারের দায়িত্ব পালন এবং কন্যাসন্তানের লালন-পালনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে এত ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন ধরে রেখেছিলেন রীতি।
স্বামীর উৎসাহ ও সহযোগিতায় দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বই-খাতা হাতে তুলে নেন তিনি। সংসারের কাজ সামলানোর পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান এবং একপর্যায়ে অংশ নেন এইচএসসি পরীক্ষায়। প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জন করে নিজের স্বপ্ন পূরণের পথে বড় সাফল্য পান তিনি।
রীতির এ অর্জনে তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী নারীদের জন্য রীতির সাফল্য এক অনন্য অনুপ্রেরণা।
তাদের মতে, বয়স কিংবা দীর্ঘ শিক্ষাবিরতি স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা থাকলে যেকোনো বয়সেই নতুন করে পড়াশোনা শুরু করে সফল হওয়া সম্ভব।
প্রতিনিধি/এসএস