জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ০.৮২ শতাংশ।
এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ৮৫৭ জন এবং মেয়ে ২৮ হাজার ৪১৫ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ এবং মেয়েদের ৫১ দশমিক ২৬ শতাংশ। পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
সার্বিক ফলাফলে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ হওয়ায় এ বছর পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এ বছর ইংরেজি ও উচ্চতর গণিতে ফল বিপর্যয় হয়েছে। নিচের শ্রেণি থেকে এসব বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক ভিত্তি পরিষ্কার না হওয়ার কারণে তারা খারাপ ফল করেছে। এ বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু সালেহ মো. তারিক মাহমুদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার ও মো. মাহমুদুল ইসলাম।
প্রতিনিধি/এসএস