দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডে গড় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের মিলনায়তনে সাংবাদিকদের কাছে ফলাফল হস্তান্তর করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন।
বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ১৫ হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৩৯৮ জন। পাসের গড় হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৪৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন এমন কলেজের সংখ্যা ছয়টি। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




