২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। তবে সকালে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।
সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষে মোট ভোটের হার এখনো জানা যায়নি।
নির্বাচনে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। তরুণ ও নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেক নতুন ভোটার প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৭ হাজার ২১৯, নারী দুই লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। নির্বাচনে চূড়ান্তভাবে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন প্রধান প্রতিদ্বন্দ্বী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
টিএই/এসআই