Dhaka Mail Logo

সারাদেশ

বান্দরবানে সোয়া ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২২ কোটি ২৯ লাখ টাকার বেশি মূল্যের ৭ লাখ ৪৩ হাজার ৫৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত এক বছরে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ৪৪ জন আসামিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় জব্দ করা ইয়াবাগুলো ধ্বংস করা হয়। 

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭ লাখ ৪৩ হাজার ৫৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।

এতে আরও জানানো হয়, গত এক বছরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) মোট ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৭৭৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এ সময় ৪৪ জন আসামিকে আটক করা হয়।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন ও গাঁজাসহ সব ধরনের মাদক চোরাচালান বন্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বিজিবি। মহাপরিচালক, বিজিবির সার্বিক দিকনির্দেশনা এবং কক্সবাজার রিজিয়ন সদর দফতর ও রামু সেক্টর সদর দফতরের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দেশ ও সমাজকে রক্ষায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও কাজ করছে বিজিবি। ভবিষ্যতে মাদক পাচার প্রতিরোধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি এ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসআই