জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে কিশোরীর পরিবার ও প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। কিন্তু ওই কিশোরীর পরিবার রাকিবের কাছে বিয়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখা বন্ধ করে দেয় পরিবার। গতকাল রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, কিশোরীর বিয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।
প্রতিনিধি/টিবি