Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

নড়াইলের কালিয়ায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে উজ্জ্বল তালুকদার (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া উজ্জ্বল তালুকদার ওই গ্রামের তালুকদার পাড়ার কবির তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই গ্রামের নিজ বাড়ির পাশে তালুকদার পাড়ায় বাগানে বাঁশ কাটতে যান উজ্জ্বল। বাঁশ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের মূল তারের ওপর গিয়ে পড়েন। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

প্রতিনিধি/এসআই