খুলনায় যুবদলের দুই নেতাসহ একদিনে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) শেষ ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে।
এসময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে সন্ত্রাসীদের গুলিতে ওহিদুল ইসলাম বাদল (৪০) নামে একজন আহত হয়েছেন।
বাদল বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী। তিনি ওই এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, অভিযান চলছে।’
এর আগে বেলা ১১টার দিকে নগরীর নিরালা এলাকার ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামে এক সিগারেট কোম্পানির কর্মচারীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কী কারণে সালমানকে গুলি করা হয়েছে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’
তার আগে সোমবার দিনগত রাত ১২টার পর বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোহেল শেখ নামে উপজেলা যুবদলের এক সদস্যকে গুলি করে দুর্বৃত্তরা।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এএইচ



