Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন নদী থেকে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।

এর আগে রোববার দিবাগত রাত চারটার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন অন্য দুজন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, চার দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে তারা চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। বোটটি কেনার পর রোববার রাতে সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন তারা।

আরও পড়ুন

কার্গো জাহাজের ধাক্কায় মেঘনায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ ২ জেলে

কামাল উদ্দিন বলেন, ফেরার পথে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে পৌঁছালে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। একপর্যায়ে পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। এ সময় তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজ জেলেদের সন্ধানে চট্টগ্রামে যাওয়া শরীফ উদ্দিনের চাচা চেম্পার উদ্দিন জানান, মঙ্গলবার সকালে তারা দুই জেলের মরদেহ উদ্ধারের খবর পান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দুটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে তারা হাতিয়ার উদ্দেশে রওনা হবেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় কর্ণফুলী নদী থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিয়ম অনুযায়ী মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস