সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

কার্গো জাহাজের ধাক্কায় মেঘনায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ ২ জেলে

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

কার্গো জাহাজের ধাক্কায় মেঘনায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ ২ জেলে

চট্টগ্রাম থেকে মাছ ধরার লালবোট নিয়ে হাতিয়ায় ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় মেঘনা নদীতে ডুবে গেছে বোটটি। এ সময় বোটে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্য দুই জেলে। তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নৌ পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই জেলে হলেন মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিন। তারা নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের নিখোঁজের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

890a5305-e310-4a24-8db7-95871529d8ca

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, চার দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে তারা চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। বোটটি কেনার পর রোববার রাতে সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন তারা। ফেরার পথে আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

কামাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী, এ সময় পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে বোটে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ দুই জেলেকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।

এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, “আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা সদরঘাট থানার সঙ্গে কথা বলে নিখোঁজ জেলেদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছি।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর