Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌরসভার কার্যসহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরঞ্জণ কুমার।

নিহতরা হলেন— চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের কাজী পাড়ার ধন মিয়ার ছেলে জিএম সেলিম (৪৫), উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামের নজির আহমেদ (৯৬) ও মাদারিপুরের শিবচর থানার সিরাআইল গ্রামের শাহজাহান মাতব্বরের ছেলে ইমরান হোসেন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে নিজ কর্মস্থলে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তিনি বসন্তপুর গ্রামের কাজী পাড়ার ধন মিয়ার ছেলে ও বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। স্থানীয় লোকজন আহত অবস্থায় জিএম সেলিমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এর আগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় কাভার্ডভ্যানের পাংচার হওয়া চাকা মেরামত করছিলেন চালক ইমরান হোসেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন দিক থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে তাৎক্ষণিক তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রোববার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীরা উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নীরঞ্জণ কুমার বলেন, সোমবার সকালে মহাসড়কের ফালগুনকরা এলাকায় কাভার্ডভ্যান দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি