জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
নীলফামারীর ডিমলায় রাতের আঁধারে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দিতে দেখা যায়।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমলার তিস্তা নদীর পাড়ে আনন্দবাজার এলাকায় মিছিলটি দেখা যায়। স্থানীয়রা জানায়, মিছিলটিতে ছাত্রলীগ কর্মী আরসাদুলকে নেতৃত্বে দিতে দেখা গেছে।
যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান বলেন, আনন্দবাজার এলাকার ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগের কর্মী নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিলটি বের হয়। তিস্তা নদীর পাশে রাতের আঁধারে কিছুক্ষণ মিছিল করে সবাই পালিয়ে যায়। মিছিলের ভিডিওটি আরসাদুল তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। পরে ভিডিওটি ফেসবুক আইডি থেকে মুছে ফেলেন আরসাদুল।

এনসিপির ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব রাসেদুজ্জামান রাসেদ জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল আজ সন্ধ্যায় হয়েছে জানতে পারলাম। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্রজনতা হত্যা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এখনো ক্ষান্ত হয়নি। অনতিবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আমরা এখনো মিছিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে নদীর পাশের কোনো এলাকায় মিছিলটি করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি।
প্রতিনিধি/টিবি