Dhaka Mail Logo

সারাদেশ

রোগী সেজে হাসপাতালে এসে স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড়ের মধ্যে রোগী সেজে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরদের স্বর্ণালংকার চুরির অভিযোগে ৭ নারীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় চুরি হওয়া ১৭ আনা স্বর্ণালংকারের মধ্যে ৬ আনা ২ রতি স্বর্ণালংকার উদ্ধার করেছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর) বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

গ্রেফতাররা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থানার ১৩ নম্বর ধরমন্ডল ইউনিয়নের জুয়েল মিয়ার স্ত্রী আমেনা খাতুন (২৫), একই এলাকার মো. আমির হোসেনের স্ত্রী সালমা প্রকাশ তানিয়া বেগম (২৫), মো. তোফাজ্জল হোসেনের স্ত্রী অজুফা বেগম (২৫), মো. জুনাইদের স্ত্রী মোসাম্মৎ হালিমা (৩০), বাবু মিয়ার স্ত্রী মোসাম্মৎ শানজিলা প্রকাশ সাদিয়া (২৩), মো. রাজুর স্ত্রী তাহমিনা আক্তার (২০) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মীরপুর ইউনিয়নের ফজলুল হকের স্ত্রী আমিনা খাতুন (৩৬)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্বর্ণালংকার চোরচক্রের ১০-১১ জন নারী সদস্য রোগী সেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে। এ সুযোগে হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে ১৭ আনা ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে চক্রের ৭ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অন্যরা পালিয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শী আব্দুল মোত্তালেন বলেন, হাসপাতালে আসা রোগীরা টিকেট নিতে লাইনে দাঁড়ালে চোরচক্রের নারী সদস্যরা ইচ্ছাকৃত ভিড় তৈরি করে গা-ঘেঁষে কয়েকজন নারীর গলার স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। বিষয়টি দেখে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য মো. শামীম বলেন, হাসপাতালের বহির্বিভাগের টিকেট কাউন্টারে রোগীদের স্বর্ণালংকার চুরির ঘটনায় ৭ নারীকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে তিন নারীর ১০ থেকে ১১ জনের স্বর্ণের চেইন চক্র ১৭ আনা ওজনের স্বর্ণালংকার চুরির ঘটনায় ৭ নারীকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। গ্রেফতারদের কাছ থেকে ৬ আনা ২ রতি ১ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন মেলা, সমাবেশ ও বাজারে জনসমাগমে ভিড় করে স্বর্ণের চেইন চুরি করে। গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। জোরারগঞ্জ থানায় মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, হাসপাতালের বহির্বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এবিষয়ে জানতে একাধিকবার ফোন দিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/টিবি