Dhaka Mail Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি সাধারণত আগেভাগেই শুরু হয়। ভাদ্র-আশ্বিন পেরিয়ে এখন বাংলা কার্তিক মাস। হেমন্তের এই সময়ে দিনের বেলা রোদের উষ্ণতা থাকলেও সকাল ও সন্ধ্যার বাতাসে স্পষ্ট হচ্ছে শীতের আমেজ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে এক ডিগ্রি সেলসিয়াস।

20251108_060838(1)

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। শীত মাত্র শুরু হয়েছে, সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

উল্লেখ্য, তেঁতুলিয়ার চা-বাগান, সবুজ মাঠ, নদীর পাড় আর সীমান্তঘেঁষা প্রকৃতিতে কার্তিকের এই পরিবর্তন এনে দিয়েছে অন্যরকম সৌন্দর্য। ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো, পাতায় জমে থাকা শিশির আর হিমেল বাতাস-সব মিলিয়ে তেঁতুলিয়ায় এখন হেমন্তের নিজস্ব আবহ। দিনের আলোয় হেমন্তের মায়া আর রাতের বাতাসে শীতের শিহরণ-দুইয়ের মিশেলে তেঁতুলিয়ায় তৈরি হচ্ছে ঋতু পরিবর্তনের এক মনোমুগ্ধকর দৃশ্য।

প্রতিনিধি/টিবি