Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে ১৮ পিস ইয়াবাসহ আটক তিনজনের সাজা

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ এএম

নড়াইলের কালিয়া উপজেলায় ১৮ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়া উপজেলার বনগ্রামের মনিরুল ইসলামের ছেলে রিমন মোল্যা (২৮), কালডাঙ্গা গ্রামের তহিদ মোল্যার ছেলে আব্দুল আজিজ (৩০) এবং লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে বাবুল শেখ (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, রোববার সকালে গোপন সংবাদ পেয়ে ডিএনসির একটি আভিযানিক দল কালিয়া উপজেলার বনগ্রামের নিজ বাড়ি থেকে রিমন মোল্যাকে ৪ পিস ইয়াবাসহ আটক করে। 

পরে একই উপজেলার লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের বাবুল শেখের বাড়ির পেছনে তেঁতুল গাছের নিচ থেকে আব্দুল আজিজের দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা এবং বাবুল শেখের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে ডিনএনসি সদস্যরা। পরে তাদের পৃথক ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারকেরা তাদের জেল-জরিমানা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল শেখ আসামি রিমন মোল্যা ও আব্দুল আজিজকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন।

এ ছাড়া অপর আসামি বাবুল শেখকে ৩ মাসের কারাদণ্ড ও ৮৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। দণ্ডপ্রাপ্ত আসামিদের জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা। 

প্রতিনিধি/এআরএম