Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া এ মামলাটি করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

এ সময় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হলে তা থামানোর চেষ্টা করে। তখন মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হামলায় সদর থানার উপ-পরিদর্শক মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেফতার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ