Dhaka Mail Logo

সারাদেশ

কোটচাঁদপুরে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধভাবে ১৪ বস্তা টিএসপি সার মজুদ রাখার অভিযোগে আলমগীর হোসেন নামে এক বালাইনাশক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের হাটখোলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আলমগীর হোসেন কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের হাটখোলা পাড়ার বাসিন্দা। তিনি শামসুল বিশ্বাসের ছেলে।

জানা যায়, আলমগীর হোসেনের বাড়িতে অবৈধভাবে মজুত করা টিএসপি সারের সন্ধান পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়িতে মজুত করা ১৪ বস্তা টিএসপি সার রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে কৃষি সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারার বিধান অনুযায়ী আলমগীর হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কৃষি সারের অবৈধ মজুত, অনিয়ম ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

প্রতিনিধি/টিবি