Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীতে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলা

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ভাগ্নের সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫-২০ জনের একটি দল তাকে বেধড়ক মারধর করেছে এবং তাকে ও তার ভাগ্নেকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এ মারধরের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। তার ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমান প্রবাসী।

এস কে সৌরভের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার রাতে দেলিয়াই বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় তার ভাগিনার গায়ে একটি চলন্ত মোটরসাইকেল লেগে যায়। এ নিয়ে মোটরসাইকেল চালক ও মেহেদী হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি ও স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং তাকে মারতে উদ্যত হন। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাদের আলাদা করে দেন এবং মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলেন।

এস কে সৌরভ জানান, ঘটনার সমাধানের আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তার ওপরও চড়াও হন এবং তাকে ধাক্কা দেন। এ সময় তিনি নিজেকে প্রভাবশালী দাবি করে তার ভাগ্নেকে হত্যার হুমকি দেন।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক ফোন করে তার সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে বাড়ি ফেরার পথে এস কে সৌরভের পথরোধ করেন ১৫-২০ জন।

কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং তাকে ও তার ভাগ্নেকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সৌরভের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি শান্ত করতে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলেও হামলাকারীরা তাকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যান। পরে তার চাচাতো ভাই আবির তাকে নিজের দোকানের ভেতরে নিয়ে বসিয়ে রাখেন। তবে হামলাকারীরা আবারও তার ওপর হামলার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্য, পরিচিতজন ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি তাদের হাত থেকে রেহাই পান।

এস কে সৌরভ অভিযোগ করেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে।

এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) থানায় গিয়ে ঘটনার তদন্ত, সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেছেন এস কে সৌরভ।

প্রতিনিধি/এফএ