শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

একই স্থানে তিনবার নাম বদল, এবার ‘শহীদ জিয়া চত্বর’ উদ্বোধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ এএম

শেয়ার করুন:

একই স্থানে তিনবার নাম বদল, এবার ‘শহীদ জিয়া চত্বর’ উদ্বোধন
‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চত্বর’।

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের একটি চত্বরের নাম গত কয়েক বছরে তিনবার পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্থানটির নাম দেওয়া হয়েছে ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চত্বর’। একই স্থানে বারবার নাম পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর স্মারক হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বঙ্গবন্ধু ম্যুরাল ও মুজিব চত্বর’ স্থাপন করা হয়। তৎকালীন জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ওই চত্বরের নাম ‘ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেন জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশীদ আজাদসহ জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্থানটির নাম ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চত্বর’ ঘোষণা করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে নতুন নামকরণের ঘোষণা দেন।

একই স্থানে বারবার নাম পরিবর্তনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। অনেকের মতে, নতুন স্থাপনা বা চত্বর নির্মাণ না করে বিদ্যমান স্থাপনাগুলোর নাম বারবার পরিবর্তন করা হচ্ছে, যা সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থি।

এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর কোনো স্থাপনার নামফলক মুছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নামে চত্বর করার ইচ্ছা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেই। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ‘সস্তা রাজনীতি করেন না’। নোয়াখালীতে কেউ এমন উদ্যোগ নিলে তার দায় বিএনপির নয় বলেও তিনি মন্তব্য করেন।

নুরুল আমিন খান আরও লেখেন, ক্ষমতায় থাকলে এক নামে আর ক্ষমতায় না থাকলে অন্য নামে চত্বর করার রাজনীতির অবসান হওয়া উচিত।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর