Dhaka Mail Logo

সারাদেশ

পরিত্যক্ত ভবনে মিলল তরুণীর অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি

২১ অক্টোবর ২০২৬, ০৯:১১ এএম

খুলনা মহানগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ছয়তলা ভবন থেকে অজ্ঞাতনামা এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি কলোনির ৬ তলা বিশিষ্ট একটি পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। পরবর্তীতে পাশের আরেকটি পরিত্যক্ত ৬ তলা ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। পাশে পড়ে থাকা স্যান্ডেল থেকে নিহত মরদেহটি কোনো তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি