Dhaka Mail Logo

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার অপূর্বের (২২) ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরআগে গতকাল সোমবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক দিনের রিমান্ড শেষে দুর্গাপুর চৌকি আদালতে অপূর্বকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার দিবাগত রাত ১২টার পর দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের সামনে থেকে অপূর্বকে গ্রেফতার করে পুলিশ। তিনি উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। গ্রেফতার এড়াতে অপূর্ব দিনের বেলায় আত্মগোপনে থেকে গভীর রাতে বের হতেন বলে জানায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

সোমবার দুপুরে অপূর্বকে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন ভূঁইয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে অপূর্বকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আরও জিজ্ঞাবাদের দরকার রয়েছে।

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় অনেকগুলো সূত্র ধরে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না। 

পুলিশের দাবি, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সময় অপূর্ব সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সেই সময় অস্ত্রভর্তি একটি ব্যাগ তার হেফাজতে ছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্ব বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার অপূর্ব হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শ্যুটারের সম্পর্কে ভাগ্নে। ওই মূল সন্দেহভাজন ব্যক্তি একজন পেশাদার খুনি হিসেবে পরিচিত এবং তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো অপূর্বের হেফাজতে রাখা হতো বলে তথ্য পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকার একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির।

এ ঘটনার পরদিন শুক্রবার নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা  আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এফএ