জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা ৫ আগস্টের পর পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে এসে ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। একই সঙ্গে তারা ঢাকায় অবস্থান করে নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তৎপরতা চালাচ্ছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান আসাদ জানান, ঈশ্বরদী ও আটঘরিয়ার তিন নেতা ঢাকায় গ্রেফতারের খবর পাওয়া গেছে। গ্রেফতারদের মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। আর মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের ঢাকা থেকে ঈশ্বরদী ও আটঘরিয়ায় আনতে যোগাযোগ করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি