জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ এএম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
জানা গেছে, একটি মোটরসাইকেল থেকে দুই যুবক হেলমেট ও মাস্ক পড়ে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। শাকিল প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুবৃত্তরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তাকে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। এতে তার হাতে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এসময় খবর পেয়ে আহত শাকিল ইসলামকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেন।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ. শরীফুল হক বলেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/টিবি