Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ২০

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমিও আহত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

প্রতিনিধি/টিবি