শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খেলাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের সংঘর্ষ, আহত ২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ এএম

শেয়ার করুন:

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের সংঘর্ষ, আহত ২
রাবিতে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের দুই খেলোয়াড় আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। এতে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে ইতিহাস বিভাগের খেলোয়াড়দের উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ইতিহাস বিভাগের খেলোয়াড় জীম ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের তানভীর আহত হন।

ইতিহাস বিভাগের খেলোয়াড় সানাউল্লাহ রাফসান বলেন, ম্যাচের শুরু থেকেই চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা আক্রমণাত্মক আচরণ ও অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। তবে তারা বিষয়টি ম্যাচের অংশ হিসেবে নিয়েছিলেন। ম্যাচ জয়ের পর তারা উদযাপন করলে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় হৃদয় তাদের এক খেলোয়াড়কে বুট দিয়ে আক্রমণ করেন। এতে ওই খেলোয়াড়ের মাথা ফেটে যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অন্যদিকে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় তানভীর জামান বলেন, ম্যাচ জয়ের পর ইতিহাস বিভাগের গ্যালারি থেকে তাদের গোলকিপারের ওপর ইট নিক্ষেপ করা হয়। ওই ইটটি ইতিহাস বিভাগের অধিনায়ককে দেখাতে গেলে তাদের খেলোয়াড়েরা দাবি করেন, গোলকিপার ইট নিয়ে তাদের মারতে গিয়েছেন। এরপর ইতিহাস বিভাগের খেলোয়াড়েরা তাদের গোলকিপারের ওপর হামলা করেন। পরে তারা ছুটে গেলে হাতাহাতি হয়। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা গ্যালারি থেকে তাদের দর্শকদের ওপরও তেড়ে আসেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তানভীর।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াস উদ্দীন আহমেদ বলেন, খেলা শেষে মারামারির খবর পেয়ে তারা দ্রুত স্টেডিয়ামে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারির ঘটনায় যারা জড়িত ছিলেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর