Dhaka Mail Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহান নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যান। পরে আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি রামদা ও ১টি হাত কুড়াল পাওয়া যায়।

সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক সোহান উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সোহানকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠ ও আশপাশের এলাকায় আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ডাকাতদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ভুক্তভোগীদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা নামার পর ওই এলাকার নির্জন সড়ক ও মাঠের পাশ দিয়ে চলাচল করতে ভয় পান সাধারণ মানুষ। প্রয়োজনীয় কাজে বাইরে বের হলেও নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাদের। বিশেষ করে রাতের বেলায় একা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওই এলাকায়। ডাকাতির কবলে পড়া বেশ কয়েকজন ভুক্তভোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় মামলাও করেছেন বলে পুলিশ জানিয়েছে।

 

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ সোহানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যান।

ওসি আরও জানান, ওই এলাকায় আগেও ডাকাতির ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/টিবি