Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে ৬ ফিলিং স্টেশনে দুদকের অভিযান, দুই কোটি টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ এএম

গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং সম্পূর্ণ অবৈধ উপায়ে লরি বা সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে গাজীপুরে ৬টি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি সর্বমোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানা ধার্য করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে তিতাস আইন ও বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানে ক্যাপটিভ সংযোগ ও সিএনজি সংযোগকে একই ক্যাটাগরিভুক্ত দেখিয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অপরাধে রিয়াজ ফিলিং স্টেশনকে ২ কোটি টাকার অধিক জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

দুদক গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক বলেন, সোমবার দিনভর অভিযানে আমাদের সঙ্গে তিতাস গ্যাস ও বিস্ফোরক অধিদপ্তরের একটি টিম ছিল। এসময় ১ লাখ টাকা করে ৫টি ফিলিং স্টেশন ও রিয়াজ ফিলিং স্টেশনকে ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। গ্যাস খাতের এসব অনিয়ম ও দুর্নীতি রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি