জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০৬:১১ এএম
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. মান্নানের ছেলে মো. সুমন (৫৫) ও মো. হানিফ মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (৪৫)।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে রাজাপুরের একটি দল তাদের আটক করে উপজেলা মৎস্য কার্যালয়ে নিয়ে আসে। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এফএ