Dhaka Mail Logo

সারাদেশ

‘জনগণকে ভয় পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে’

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

যারা জনগণকে ভয় পায়, তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনি সভা, সমাবেশ ও উঠান বৈঠকে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি এসব কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের রুহিয়া উপজেলায় এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁওয়ের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে। এ কারণেই প্রতিদ্বন্দ্বী পক্ষ প্রচারণায় বাধা দিচ্ছে বলে তিনি দাবি করেন। তবে কোনো বাধাই দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচিত হলে রুহিয়ায় মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, দীর্ঘদিন ধরে রুহিয়ার মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। অতীতে যারা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন, তারা এ এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেননি। তাদের ও দলীয় নেতাকর্মীদের ভাগ্যের উন্নয়ন হলেও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ed37f150-3674-439a-97b2-a57466b45430

দেলাওয়ার হোসেন আরও বলেন, আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক ঠাকুরগাঁও গড়তে তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, ভোট একটি আমানত। তাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের ভোট দিলে এর ভোগান্তি সাধারণ মানুষকেই পোহাতে হবে।

আরও পড়ুন

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ঠাকুরগাঁওয়ে আর কোনো চাঁদাবাজ দেখতে চান না তারা। অন্যায় ও জুলুমের প্রতিবাদ এবং ইনসাফভিত্তিক ঠাকুরগাঁও গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। এক পরিবারের হাতে জনগণ জিম্মি হয়ে আছে দাবি করে তিনি দলমত, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রুহিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আটোয়ারী উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ বজলুর রহমান। এ সময় রুহিয়া ইউনিয়নে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস