জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ের পাশে থেকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার হাতে শাঁখা থাকায় প্রাথমিকভাবে তাকে সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘নিহত নারীর ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা তার নাম-পরিচয় শনাক্ত করতে পেরেছি এবং হত্যাকাণ্ডের মূল সূত্র (ক্লু) পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে রাতে বিস্তারিত তথ্য জানানো হবে।’