জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শাহ আলম (৪৮)। তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কার্যালয়ের অদূরে কলেজিয়েট স্কুলের সামনে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে বিশেষ অভিযান শেষ করে একটি রিকশাযোগে পুলিশ ক্লাবে ফিরছিলেন পরিদর্শক শাহ আলম। পথে তিন সদস্যের একটি ছিনতাইকারী দল তার গতিবিধি রোধ করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজিতে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। ঘটনার পর পরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে জখম অত্যন্ত গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে হামলাকারী ছিনতাইকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।