Dhaka Mail Logo

সারাদেশ

অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার আরও ৫

জেলা প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

মুন্সিগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের পর বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখা থেকে তাদের গ্রেফতার করা হয়।

VideoCapture_20261008-105945

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেইলকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রেজাউল হক (৪২), ব্যবস্থাপক, মুন্সিগঞ্জ দিঘীরপাড় শাখা। তিনি এর আগে মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। মো. জিন্নাহ হোসেন (৩৪), অফিসার (ক্যাশ), সীমপাড়া শাখা। তিনি এর আগে শ্রীনগর শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। এছাড়া গ্রেফতার হয়েছেন শ্রীনগর শাখা ব্যবস্থাপক শরিফ উদ্দিন (৩৯), এবং শাখাটির বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০) এবং আব্দুল হাই (৪২)।

VideoCapture_20261008-105950

পুলিশ জানায়, অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে বুধবার শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় দুদকের শুনানি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। গ্রাহকেরা তাদের জমা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ব্যাংক কর্মকর্তারা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল গতকাল শ্রীনগর বাজার শাখায় তদন্তে নামে। দিনভর তদন্ত শেষে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং পরে গ্রেফতার দেখানো হয়।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর পাইকপাড়া এলাকা থেকে ঘটনার প্রধান অভিযুক্ত ব্যাংকটির ক্যাশ ইনচার্জ শরিফুজ্জামান ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, লকারের চাবি ও চেকবই উদ্ধার করা হয়।

প্রতিনিধি/টিবি