Dhaka Mail Logo

সারাদেশ

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এবার চুনারুঘাটের এএসআই অতনু বণিক ক্লোজড

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ এএম

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের এক আদেশে তাকে ক্লোজড করা হয়। একই সঙ্গে অভিযোগ তদন্তে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিউর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভাইরাল ভিডিওতে মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনু বণিক টাকা নিচ্ছেন—এমন দৃশ্য দেখা যায়।

পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, ভিডিওটি নজরে আসার পর অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে সোমবার (৫ অক্টোবর) একই থানার আরেক এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসংক্রান্ত বক্তব্যের ভিডিও ভাইরাল হলে তাকেও পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পরপর দুই এএসআইকে ঘিরে ঘুষের অভিযোগের ঘটনায় চুনারুঘাট থানা পুলিশের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

প্রতিনিধি/টিবি