বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঘুষকাণ্ডে ভাইরাল সেই এএসআই ক্লোজড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ এএম

শেয়ার করুন:

ঘুষকাণ্ডে ভাইরাল সেই এএসআই ক্লোজড

প্রকাশ্যে ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করে মন্তব্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে। তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর পুলিশ তাঁকে প্রত্যাহার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার বিষয়ে তাঁকে মন্তব্য করতে শোনা যায়। ওই সময় উপস্থিত এক ব্যক্তি গোপনে মোবাইল ফোনে তাঁর বক্তব্যের ভিডিও ধারণ করেন।

পরবর্তী সময়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, 'কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝস না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব; হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।'

একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে প্রকাশ্যে ঘুষকে বৈধতা দেওয়ার মতো মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওর বক্তব্য নিয়ে জানতে যোগাযোগ করা হলে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, 'এ বিষয়ে আমি কিছু জানি না।' এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'ঘটনার পরপরই রাতে এএসআই ইলিয়াসকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান জানান, 'বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।'

প্রতিনিধি/এসটি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর