জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জেলা শহরের কান্দিপাড়া ও ভাদুঘর এলাকার দুটি প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকির পাশাপাশি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন পুলিশ সুপার।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি, এবারও সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ও জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/টিবি