Dhaka Mail Logo

সারাদেশ

মাদক নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

ময়মনসিংহ নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু।

মঙ্গলবার (৬ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগাপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। অন্যদিকে আটক অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, মেয়ে সংক্রান্ত ঘটনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অন্তরের কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় অন্তর তার কাছে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এফএ