শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রিজ আছে, সড়ক নেই: ১০ বছর ধরে অকেজো ৩০ লাখের সেতু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

ব্রিজ আছে, সড়ক নেই: ১০ বছর ধরে অকেজো ৩০ লাখের সেতু
ফুলবাড়ীয়ায় বানার নদীর ওপর নির্মিত ব্রিজটি / ছবি: ঢাকা মেইল

নির্মাণের এক দশক পার হলেও সংযোগ সড়কের অভাবে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের বানার নদীর ওপর নির্মিত সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটির পশ্চিম পাশে সড়ক না থাকায় এলাকাবাসীর যাতায়াতে কোনো কাজেই আসছে না।

এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণ করার জন্য স্থানীয় প্রশাসনের সাথে অনেকবার যোগাযোগ করেও কোনে সাড়া পাননি।

শনিবার (৩ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, বানার নদের পূর্ব পাশে পায়ে চলার পথ থাকলেও পশ্চিম পাশে নদীর তীরের পর আমন ধানক্ষেত। কোনো সড়ক নেই। সেতুটি দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণের ১০ বছরেও ব্রিজটি দিয়ে একটি গাড়িও চলাচল করেনি।

জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থবছরে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শিবপুর-হরিরামবাড়ি সড়কের শিবপুর রফেতুল্লাহ হাজীর বাড়ির পূর্ব পাশে বানার নদীর ওপর ৪০ ফুট দৈর্ঘ্যের একটি পাকা ব্রিজ ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করে। ব্রিজের পশ্চিম পাশে হরিরামবাড়ি গ্রামের অংশে কোনো সড়ক নেই। ব্রিজ নির্মাণের আগে সড়ক নির্মাণ করার জন্য এলাকাবাসী দাবি জানালেও শুধু ব্রিজ নির্মাণ করা হয়।

শিবপুর গ্রামের পশু চিকিৎসক হেলাল আহামেদ জানান, ব্রিজের পশ্চিম পাশে আমার জমি রয়েছে। আমার জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বহুবার বলেছি; কিন্ত ১০ বছরেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। 

Moymosing2

এ ব্যাপারে নাওগাঁও ইউনিয়ন পরিষদের শিবপুর ৫নং ওয়ার্ডের মেম্বার মোতালেব হোসেন জানান, রাস্তা না করে ব্রিজ নির্মাণ করা ঠিক হয়নি। ব্রিজের পূর্বপাশে পায়ে চলার পথ থাকলেও পশ্চিম পাশে কোনো রাস্তা নেই। ব্রিজের পশ্চিম পাশে রাস্তা নির্মাণ করতে গেলে হরিরামবাড়ি গ্রামের মানুষের সহযোগিতা লাগবে। এই হরিরামবাড়ি আমাদের ৫নং ওয়ার্ডের আওতায়। ইউনিয়ন পরিষদ সিদ্ধান্ত নিলে রাস্তা নির্মাণ করা সম্ভব।

নাওগাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইদ্রিস আলী জানান, ২০২৪ সালে ব্রিজের পশ্চিম পাশে নতুন সড়ক নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অর্থ বরাদ্দ পেলে ব্রিজের পশ্চিম পাশে রাস্তা করে দেয়া সম্ভব হবে।

 এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল সংযোগটি বন্ধ পাওয়া যায়।

এএকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর