জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম
বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ মামলায় জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন— উপজেলার মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম (৪৩) ও তার মেয়ে জামাই একই এলাকার কৈগাঁতী গ্রামের মহাবেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৮)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার খাটিয়ামারি গ্রামের এক ব্যক্তির মেয়ে (১৬) চলতি বছর এসএসসি পাস করেছেন। ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৩) প্রেমের প্রস্তাব দেন। তবে এ প্রস্তাবে রাজি হয়নি স্কুলছাত্রী। তারপরও স্কুলছাত্রীকে বিরক্ত করতে থাকে শাকিল। বিষয়টি তার বাবা-মাকে জানায় ভুক্তভোগী স্কুলছাত্রী। এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে শাকিল। গত ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ওই ছাত্রীকে তার বাড়ির সামনের রাস্তা থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শাকিল ও তার লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। মামলায় শাকিল ও তার মা-বাবা এবং ভগ্নিপতিসহ ৫ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি