Dhaka Mail Logo

সারাদেশ

জমি নিয়ে বিরোধ, ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ এএম

লালমনিরহাটের হাতীবান্ধায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নুর মোহাম্মদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। রোববার বিকেলে পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে আবারও দ্বন্দ্বে জড়ান দুই ভাই। এর একপর্যায়ে বড় নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নুর মোহাম্মদের স্ত্রী পারভীন বেগম বলেন, গুরুতর আহত অবস্থায় যখন নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় সেখানে আবারও হামলা চালায় নুর ইসলামের লোকজন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার করেন। রংপুরে নেওয়ার পথেই নুর মোহাম্মদ মারা যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি