Dhaka Mail Logo

সারাদেশ

ভাড়াটিয়া সন্ত্রাসী এনে হামলা, নবীনগরে গুলিবিদ্ধ ২

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে গুলির ঘটনায় ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ফুল মিয়া চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে অহিদ মিয়ার সঙ্গে গ্রামবাসীর বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হয়। এরপর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষের জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসায় নিজের একক আধিপত্য নষ্ট হওয়ার আশঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন

খুলনায় পারিবারিক কলহের জেরে বিএনপি নেতা জখম

এ নিয়ে গত কয়েক দিন ধরে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ সময় গুলিতে ফুল মিয়া ও উম্মে হানি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ও দুজন আহত হওয়ার খবর পেয়েছেন। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস