Dhaka Mail Logo

সারাদেশ

ধর্ষণ মামলার ২ দিন পার, গ্রেফতার না হয়ে উল্টো সংবাদ সম্মেলনে আসামি

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

নড়াইল সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় দুই দিন আগে মামলা হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

এদিকে প্রকাশ্যে আসামির সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে অভিযুক্ত প্রহলাদ খান তার নিজ বাড়িতে ‘মিথ্যা হয়রানিমূলক’ মামলা ও অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেন।

অভিযুক্ত প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত (৩০ সেপ্টেম্বর) বিশেষ কাজে অভিযুক্ত প্রহলাদের সঙ্গে নড়াইলে আসেন ভুক্তভোগী ৪৪ বছর বয়সী ওই নারী। ওই দিন নড়াইল থেকে ফেরার পথে সদর উপজেলায় প্রহলাদ তার অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে তার সঙ্গে সেই বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। 

এছাড়া ঘটনার পর কাউকে বিষয়টি জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১ অক্টোবর সদর থানায় ধর্ষণ মামলা করেছেন।

তবে ধর্ষণ মামলার ২ দিন পার হলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি প্রকশ্যে সংবাদ সম্মেলন করলেও তাকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার (সন্ধ্যা সাড়ে ৭টা) পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে মুঠোফোনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্ত কার্যক্রম চলছে। আসামিকে অবশ্যই গ্রেফতার করা হবে।

মামলা হলেও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার হয়নি এ সম্পর্কে জানতে পুলিশ সুপার (এসপি) আল মামুন শিকদারকে ফোন করা হলে তিনি বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের সাথে কথা বলতে বলেন।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমানকে ফোন করলে তিনি বলেন, ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

প্রতিনিধি/এলএ