Dhaka Mail Logo

সারাদেশ

রাজবাড়ীতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে যাওয়ার পাশাপাশি মূল গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

ঘটনার খবর পেয়ে আজ শনিবার সকালে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং রাজবাড়ী সদর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

​দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে কার্যালয়ের কেয়ারটেকার সব রুম ও গেটের তালা ঠিকঠাক দেখে নিজের বাড়িতে যান। পরে শনিবার সকাল সাড়ে আটটার দিকে এসে তিনি কার্যালয়ে আগুনের আলামত ও ক্ষয়ক্ষতির বিষয়টি দেখতে পান।

কেয়ারটেকার আতর আলী জানান, রাতে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার সময় সেখানে কেউ ছিল না। সকালে খবর পেয়ে এসে তিনি দ্রুত দলীয় নেতাদের বিষয়টি জানান।

​ঘটনাস্থল পরিদর্শন শেষে আয়োজিত এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য এই নাশকতা চালানো হয়েছে।

​জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, ‘এটা একটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। একাধিক মামলা থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাদক সেবন ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িতরাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।’

​আরেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন, ‘যাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবিলা করার কোনো সাহস নেই, তারাই চোরাগুপ্ত হামলা চালিয়েছে। রাজবাড়ীর শান্ত রাজনৈতিক পরিবেশ নষ্ট ও উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এই দুর্বৃত্তায়ন করা হয়েছে।’

​জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্দেশ্যমূলক। পুলিশকে সহযোগিতার পাশাপাশি আমরা দলের পক্ষ থেকেও বিষয়টি নিজেদের মতো করে তদন্ত করব।’

​এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কেরোসিন তেল ঢেলে এই আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

​এদিকে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এসআই